গ্যাসবাহী লরির চাকায় পিষ্ট হয়ে সিরাজগঞ্জের তাড়াশে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জেলার নাটোর-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলাধীন মহিষলুটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিনুমরিচ এলাকার হরেন কুমারের ছেলে শ্রী স্বপন কুমার (২২), দিজেন দাসের ছেলে আশিষ দাস (২১) ও একই এলাকার পলক (৩০)।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় নিহতরা বনপাড়া এলাকা থেকে দিনমজুরের কাজ শেষে ভাড়ায় চালিত মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মহিষলুটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত একজনকে মুমূর্ষু অবস্থায় হাটিকুমরুল সাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই ডালিম হোসেন অধিকারকে জানান, মোটরসাইকেলটিতে চারজন আরোহী ছিল। ঢাকাগামী গ্যাসবাহী লরিটি ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটি লরির নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে আহত একজনকে হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনায় তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি লুৎফর রহমান জানান, দুর্ঘটনাকবলিত লরিটি পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।